পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অটোভ্যান থেকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বিথী আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার শিশু সন্তান আব্দুর রহমান (৩)।
শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ-ডোমার মহাসড়কের ফার্মগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিথী আক্তার দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের একতা মোড় এলাকার অটোভ্যান চালক জাহিদুল ইসলামের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্তানকে কানের ডাক্তার দেখানোর জন্য জাহিদুল ইসলাম তার স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজের অটোভ্যানে করে নীলফামারীর ডোমারে যান। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এর মাঝে তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুবাহী ট্রাকের লাইটের আলোয় অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারায়। পরে নির্মাণকাজের জন্য মহাসড়কের ওপর রাখা একটি বালুর ঢিবিতে ধাক্কা খায়। এতে ভ্যান থেকে সড়কে পড়ে গেলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান বিথী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় স্থানীয়দের সহায়তায় স্বামী ও সন্তানকে দ্রত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় শিশুটিকে রংপুরে রেফার্ড করে চিকিৎসক।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বলেন, ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করে স্থানীয়রা। এসময় চালক পালিয়ে যায়। এতে প্রায় আধাঘণ্টা মহাসড়কের দুই কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রতিনিধি/টিবি




