রংপুর সিটি করপোরেশনের আগামী নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মহানগর আমির মাওলানা এটিএম আজম খানের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৫ মে) বিকেলে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে এই ঘোষণা দেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি প্রার্থীর জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
বিজ্ঞাপন
মাওলানা এটিএম আজম খান এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও জামায়াতের চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন। তবে পরবর্তীতে জোটগত সিদ্ধান্তের কারণে ১১-দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের সমর্থনে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। ওই নির্বাচনে আখতার হোসেন জয়ী হয়েছিলেন।
এর আগে সকালে ডা. শফিকুর রহমান রংপুর মডেল কলেজ মিলনায়তনে উপজেলা ও থানা আমির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পরে তিনি রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্যসহ জেলা ও মহানগরী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। দুপুরে তিনি ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও জেলা শাখার নেতাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন।
প্রতিনিধি/একেবি




