শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

জামালপুরে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৭:১৪ পিএম

শেয়ার করুন:

জামালপুরে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২

জামালপুরের সদর ও মাদারগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (১৫ মে) দুপুরে দুই উপজেলার পৃথক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের পশ্চিম আরংহাটি গ্রামের আফসার আলীর ছেলে কৃষক ফারুক আহামেদ (৩৭) এবং মাদারগঞ্জ উপজেলার জোড়খালি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মজনু মিয়া (২৫)। নিহত মজনু মাদারগঞ্জ উপজেলা ছাত্রশক্তির একজন সক্রিয় সদস্য ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সদর উপজেলার পশ্চিম আরংহাটি গ্রামে বৃষ্টির সময় বাড়ির উঠানে খড় তোলার কাজ করছিলেন ফারুক আহামেদ। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় ফারুকের বাবা আফসার আলী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেষ্টা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, একই সময়ে মাদারগঞ্জ উপজেলার জোড়খালি গ্রামে বৃষ্টির মাঝে উঠানে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন মজনু মিয়া। পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজনুকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বিজ্ঞাপন


 প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর