ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নবনিযুক্ত ভিসিকে অবাঞ্চিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। প্রধান ফটকে টানিয়েছেন এমন এক ব্যানার।
শুক্রবার (১৫ মে) জুম্মার নামাজের পর ভিসি বদলানোর দাবিতে সড়ক আটকে হয়েছে মিছিলও।
বিজ্ঞাপন
‘দাবি মোদের একটাই, ডুয়েট থেকে ভিসি চাই’, ‘ডুয়েটের ভিসি ডুয়েট থেকেই চাই’- এসব স্লোগানে মিছিল করেন শিক্ষার্থীরা। তাদের ভাষ্য, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে অভ্যন্তরীণ শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা বেশি।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, গবেষণা কার্যক্রম ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই ভিসি নিয়োগ দেওয়া প্রয়োজন। এমনটাই মনে করেন আন্দোলনকারীরা।
তাদের দাবি, বহিরাগত কাউকে ভিসি হিসেবে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। ডুয়েটের জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকে ভিসিনিয়োগের প্রস্তাব তাদের।
নবনিযুক্ত ভিসির নিয়োগ বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানালেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে তারা ডুয়েটের পাশের ঢাকা-শিমুলতলী সড়ক অবরোধ করেছিলেন। সড়কের দুই পাশে এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেলা পৌনে তিনটার দিকে সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফেরেন তারা। গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানালেন এ তথ্য।
বিজ্ঞাপন
গতকাল বৃহস্পতিবার রাতেও এ দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
দেশের ১১টি সরকারি বিশ্ববিদ্যালয়ে গতকাল নতুন ভিসি নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে ডুয়েটের ভিসিহিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে। তিনি এখন সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভিসিহিসেবে কাজ করছেন।
সরকার গঠনের পর এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে ১৮ জন নতুন ভিসি। শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পরিবর্তনের প্রক্রিয়া চলমান।
প্রতিনিধি/একেবি




