ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠ থেকে চলমান এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৫০টি খাতা উদ্ধারে জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাতের দিকে বিদ্যালয়ের বড়মাঠের উত্তর-পূর্ব কোণে শহীদ মিনারের পাশ থেকে খাতাগুলো উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বড়মাঠ এলাকায় কয়েকজন যুবক ঘোরাঘুরি করছিলেন। এ সময় মাঠের এক পাশে পড়ে থাকা একটি বান্ডিল তাদের নজরে আসে। কাছে গিয়ে তারা দেখতে পান, সেগুলো চলমান এসএসসি পরীক্ষার উত্তরপত্র। পরে খাতাগুলোতে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের নাম দেখে বিষয়টি গুরুত্ব সহকারে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তরপত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জানা গেছে, গত ৫ মে অনুষ্ঠিত বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষার এসব উত্তরপত্র মূল্যায়নের জন্য শিক্ষকদের কাছে বিতরণ করা হয়েছিল। তবে কীভাবে গুরুত্বপূর্ণ এই উত্তরপত্র মাঠে পড়ে গেল, তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোতাহার উল আলম বলেন, পরীক্ষা শেষে কেন্দ্র থেকে উত্তরপত্রগুলো বোর্ডে পাঠানো হয়। পরে বোর্ড সেগুলো মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে হস্তান্তর করে। বৃহস্পতিবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের উত্তরপত্র শিক্ষকদের মাঝে বিতরণ করা হয়েছিল। বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত খাতাগুলো পড়ে যেতে পারে। তবে যার দায়িত্বে ছিল, তার আরও সতর্ক থাকা উচিত ছিল।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পাওয়ার পর পুলিশ বড়মাঠ থেকে এসএসসি পরীক্ষার উত্তরপত্রের একটি বান্ডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখানে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৫০টি উত্তরপত্র পাওয়া গেছে। বর্তমানে সেগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন বলেন, কার দায়িত্বে থাকা অবস্থায় উত্তরপত্রগুলো মাঠে গেল, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষার উত্তরপত্র এভাবে মাঠে পড়ে থাকার ঘটনা শিক্ষা ব্যবস্থার নিরাপত্তা ও দায়িত্বশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
প্রতিনিধি/এসএস




