মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ গোপন অভিযানে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন ‘মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ’ -এর সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মো. রাহেদ হোসেন মাহেদকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে তাকে উপজেলার বোবারথল ষাইটঘরি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
শুক্রবার (১৫ মে) সকালে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে গত ২৩ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক গোয়েন্দা সতর্কতা জারি করা হয়।
এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী ওই সংগঠনের সদস্য ও সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মো. রাহেদ হোসেন মাহেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাহেদ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামের নূর মিয়ার ছেলে। বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন রাহেদ।
পুলিশ আরও জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এবং পূর্বঘোষিত রেড এলার্ট কার্যক্রমের অংশ হিসেবে জেলা পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের নির্দেশনায় বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খানের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল বড়লেখা থানার দুর্গম বোবারথল ষাইটঘরি এলাকায় বিশেষ গোপন অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
দীর্ঘ প্রায় ১২ ঘণ্টাব্যাপী সতর্কতামূলক অভিযানের একপর্যায়ে বৃহস্পতিবার বেলা আড়াইটায় বোবারথল ষাইটঘরি এলাকার একটি দুর্গম টিলা হতে তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে যাচাই-বাছাইয়ে জানা যায়, গ্রেফতারকৃত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট কর্তৃক তদন্তাধীন একটি মামলার (ডিএমপির শাহবাগ থানার মামলা নাম্বার-২, তারিখ ০২/০২/২০২৬, ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ সংশোধনী এর ২০১৩ ৮/৯/১০/১৩ এ তদন্তে প্রাপ্ত আসামি।
সিটিটিসি ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে একই দিন রাত ১১টা ৩০ মিনিটে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিটিটিসি’র নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি উগ্রবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে।
এছাড়াও, রেড এলার্ট জারির পর থেকে সে আত্মগোপনে ছিল এবং সম্প্রতি অবৈধভাবে ভারত গমনের চেষ্টা করছিল বলে জানায় পুলিশ।
প্রতিনিধি/ এজে




