কক্সবাজারে পৃথক দুটি অভিযানে এক লাখ পিস ইয়াবা ও দেশীয় আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত টেকনাফ ও ঈদগাঁও এলাকায় অভিযান দুটি চালানো হয়।
র্যাব সূত্র জানায়, বুধবার রাত সোয়া ১১টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকায় অভিযান চালায় র্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পের সদস্যরা। এ সময় একটি লবণবোঝাই ট্রাকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় মাদক পাচারের অভিযোগে এমরানুল ইসলাম ও নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ইয়াবা পাচারে ব্যবহৃত ট্রাক ও প্রায় ১০০ মণ লবণ জব্দ করা হয়।
অন্যদিকে বুধবার দিবাগত রাত একটার দিকে ঈদগাঁও থানার আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় অভিযান চালায় র্যাবের সিপিসি দল। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও পাঁচটি তাজা কার্তুজসহ দুজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এনামুল হক এনাম ও নুরুল আফসার রিপন।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
এআর




