চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পিটিআই এলাকায় মাদরাসার ৯ বছরের এক শিশু শিক্ষার্থীকে অমানুষিক নির্যাতনের অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) অভিযুক্ত শিক্ষককে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শিশু নির্যাতনের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
অভিযুক্ত শিক্ষকের নাম সাকির আলী (২৩)। সে চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই এলাকার আল হিদায়াত হিফজুল কুরআন মডেল মাদরাসা শিক্ষক ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুধাই নন্দীপুকুর গ্রামের সেরাজুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, গতকাল বুধবার সকালে মাদরাসার ৯ বছরের এক শিশু শিক্ষার্থীকে অন্যান্য শিক্ষার্থীদের সামনে লাঠি দিয়ে মারধর করে। এক পর্যায়ে শিশুটির গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করে এবং আছাড় মারে। এসময় শিশুটি কান্নাকাটি করলেও মারধর বন্ধ করেনি সাকির আলী।
এক পর্যায়ে অন্য শিক্ষকরা এসে শিশুটিকে উদ্ধার করে। শিশু নির্যাতনের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
প্রতিনিধি/ এজে




