নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় নজরুল ইসলাম (৫০) নামে এক সুতা ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় নিহতের স্ত্রী শাহানূর বেগমকে শ্বাসরোধ ও পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় উজ্জ্বল নামের একজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৩ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নজরুল ইসলাম মুক্তিশপুর গ্রামের মৃত গাজী মিয়ার ছেলে।
আহত শাহানূর বেগম বর্তমানে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, গভীর রাতে ৪-৫ জনের একদল মুখোশধারী ডাকাত দল বাড়ির সামনে এসে আমার স্বামীর নাম ধরে ডাকাডাকি করে। দরজা খোলার পর তারা ঘরে ঢুকে আমার স্বামীর হাত-পা বেঁধে মারধর শুরু করে। একপর্যায়ে আমাকেও হাত-পা ও গলা বেঁধে মারধর করা হয়।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ডাকাতরা ঘরের চাবি নিয়ে আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে নগদ ৬০ হাজার টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতিকালে তাদের চিনে ফেলায় আমার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মো. গোলাম সারোয়ার বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত নারীর ভাষ্যমতে, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এই ডাকাতির ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ দুটি বিষয়কে সামনে রেখে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। আশা করি, দ্রুত রহস্য উদঘাটন হবে।
প্রতিনিধি/টিবি




