বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ১০:০১ পিএম

শেয়ার করুন:

রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক

রাজশাহী জেলায় সরকারি খাল খনন কর্মসূচির প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। 

বুধবার (১৩ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।


বিজ্ঞাপন


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘জেলায় ১৬টি খাল খনন কর্মসূচির অগ্রগতি বর্তমানে ৪৮ দশমিক ৩৭ শতাংশ। বন্যা নিয়ন্ত্রণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের যে পরিকল্পনা নিয়েছে, এটি তারই অংশ।’ 

এসব প্রকল্প বাস্তবায়নে এলজিইডি, বিএমডিএ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কাজ করছে।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে আগামী ১৬ মে প্রধানমন্ত্রী পবা উপজেলার হরিপুর ইউনিয়নে ৬৬৯ জন উপকারভোগীর মাঝে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া খেলাধুলার উন্নয়নে রাজশাহীর ছয়জন কৃতি ক্রীড়াবিদকে বিশেষ কার্ড প্রদান করা হয়েছে, যার মাধ্যমে তারা প্রতি মাসে এক লাখ টাকা করে সহায়তা পাবেন।

বনায়ন কর্মসূচি নিয়ে জেলা প্রশাসক জানান, আগামী জুন মাসে জেলায় প্রায় ১০ হাজার কিলোমিটার এলাকায় বৃক্ষরোপণ করা হবে। ২০৩১ সাল পর্যন্ত জেলায় মোট ৯৩ হাজার ২০০টি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১১৩ জন কৃষকের কৃষিঋণ মওকুফের আবেদন ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


বিজ্ঞাপন


জেলা তথ্য অফিসের পরিচালক নাফেয়ালা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. এস. আই. এম রাজিউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলীসহ বিভিন্ন দফতরের নির্বাহী প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের নানামুখী উন্নয়ন চিত্র তুলে ধরা হয়।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর