নোয়াখালীর বেগমগঞ্জে মীরওয়ারিশপুরে অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় দুই ডেন্টাল ল্যাবরেটরিকে এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠান দু’টির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেল বিশেষ সূত্র থেকে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং এনএসআই (NSI) এর যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞাপন
অভিযানের সময়, ল্যাবরেটরি দুটি সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ছাড়পত্র ও ডকুমেন্টস ছাড়াই কার্যক্রম পরিচালনা করছিল। এছাড়া সেখানে কর্মরত টেকনোলজিস্টদের কোনো পেশাগত প্রমাণপত্র পাওয়া যায়নি।

পরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ অনুযায়ী পপুলার ডেন্টাল ল্যাবরেটরি অস্বাস্থ্যকর পরিবেশ এবং টেকনোলজিস্টদের প্রমাণ না থাকায় ৫০ হাজার টাকা ও মা ডেন্টাল ল্যাবরেটরির সরকারি অনুমোদন ও পর্যাপ্ত টেকনিশিয়ান না থাকায় একই আইনে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে বৈধতা না থাকায় প্রতিষ্ঠান দুটির সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় সব আইনানুগ ডকুমেন্টস ও কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত কোনো প্রকার কার্যক্রম পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, বেগমগঞ্জ উপজেলা ভূমি সহকারী কমিশনার শাদাত হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. সানজিদাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
প্রতিনিধি/এসএস




