সাভারের আশুলিয়ায় ব্যাংক কর্মকর্তার প্রতারণার সংবাদ প্রকাশের জেরে চ্যানেল নাইনের প্রতিনিধি মো. শরিফুজ্জামান ফাহিমকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সাংবাদিক।
মঙ্গলবার (১২ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।
বিজ্ঞাপন
জিডি সূত্রে জানা যায়, গত ৪ মে রাত ৯টার দিকে চ্যানেল নাইন টেলিভিশনে ‘ব্যাংক কর্মকর্তা লিফটন আলীর বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। সংবাদটি প্রচারের পর থেকেই অভিযুক্ত মো. লিফটন আলী (৩৬) সাংবাদিক শরিফুজ্জামান ফাহিমকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক জানান, সোমবার রাত ৮টার দিকে সহকর্মী সাকিব আসলামকে নিয়ে পলাশবাড়ী বাজার থেকে বাইপাইল বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন তিনি। এসময় বাইপাইল ব্রিজ এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি তাদের পথরোধ করে। পরে তারা লিফটন আলীর বিরুদ্ধে প্রচারিত সংবাদটি প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়। অন্যথায় প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।
সাংবাদিক শরিফুজ্জামান ফাহিম বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও জীবনের নিরাপত্তা চাই।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, সাংবাদিককে হুমকির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




