গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঘর থেকে নিখোঁজ হওয়ার দেড় মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি গৃহবধূ সানজিদা খানমের (২০)। পুলিশ জানিয়েছে, নিখোঁজ গৃহবধূর সন্ধানে তদন্ত ও প্রযুক্তিগত অনুসন্ধান অব্যাহত রয়েছে।
গত ১ এপ্রিল উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা পূর্বপাড়া এলাকার ভাড়া বাসা থেকে সানজিদা নিখোঁজ হন। তিনি উপজেলার রামদিয়া গ্রামের ভ্যানচালক ইকলাস সরদারের স্ত্রী এবং সাফলীডাঙ্গা গ্রামের শাহজাহান সরদারের মেয়ে। এই দম্পতির হামজা সরদার নামে পাঁচ বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে ইকলাস সরদার ভ্যান চালাতে বের হন। দুপুরে বাসায় ফিরে স্ত্রীকে আর খুঁজে পাননি। পরবর্তীতে শ্বশুরবাড়ি ও আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তার কোনো হদিস পাওয়া যায়নি। মা নিখোঁজ হওয়ার পর থেকে তাদের পাঁচ বছরের শিশুসন্তানটি অনবরত কান্নাকাটি করছে।
স্ত্রীর সন্ধান চেয়ে ইতোমধ্যে কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইকলাস।
কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, সানজিদাকে খুঁজে বের করতে পুলিশ তৎপর রয়েছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানোর পাশাপাশি প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালানো হচ্ছে। দ্রুতই তার সন্ধান পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিনিধি/একেবি




