সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ যানবাহন, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফের সুফল বিষয়ে পঞ্চগড়ে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত কৃষক কার্ড কর্মসূচি দেশের কৃষকদের জন্য একটি সমন্বিত ডিজিটাল পরিচয়, যা এক ছাতার নিচে একাধিক সেবা প্রাপ্তি নিশ্চিত করতে যুগান্তকারী ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
এই কার্ডের মাধ্যমে কৃষকরা প্রাথমিকভাবে ১০ ধরনের সুবিধা পাবেন। ডিজিটাল ডাটাবেজ ব্যবহার করে প্রকৃত কৃষকদের নাম সার্চ দিলেই জানা যাবে তিনি কোন কোন সেবার আওতাভুক্ত। পর্যায়ক্রমে সারা দেশে এই ডাটাবেজ তৈরির পরিকল্পনা রয়েছে।
জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল কুমার শীল অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দার।
জানানো হয়, সরকারের নির্বাচনী ইশতেহারের ধারাবাহিকতায় দেশব্যাপী জনকল্যাণমূলক নানা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। গত ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করেন এবং প্রাথমিকভাবে ২০ হাজার ৬৭১ জন কৃষক এই সুবিধার আওতায় আসছেন। এছাড়া কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, যার ফলে দেশের ১২ লক্ষ কৃষকের ঋণ মওকুফ করতে সরকারের ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় হয়েছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, জলাধার রক্ষা ও সেচ সুবিধা বৃদ্ধিতে গত ১৬ মার্চ থেকে আগামী ৫ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার মৃতপ্রায় ও ভরাট হয়ে যাওয়া খাল পুনঃখননের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে নারীদের নিরাপদ যাতায়াত ও স্বাবলম্বী করার লক্ষ্যে ‘নারীর জন্য গাড়ি’ নামক বিশেষ গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি




