নাটোরের লালপুরে মাদক কারবারিদের তথ্য সংগ্রহ করতে গিয়ে র্যাবের গোয়েন্দা শাখার ৫ সদস্য হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
মঙ্গলবার(১২ মে) রাত ৮টার দিকে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আটক ব্যক্তির নাম মো. সোহাগ মাহমুদ। তিনি উপজেলার নবীনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে।
পুলিশ জানান, মঙ্গলবার রাতে র্যাব নাটোরের এএসআই মো. পারভেজ মুন্সীর নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম সিভিল পোশাকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে মাদক কারবারিদের তথ্য সংগ্রহ করতে যান। এসময় ওই গ্রামের মো. সোহাগ মাহমুদ নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল র্যাব সদস্যদের পথরোধ করে। র্যাব সদস্যরা তাদের পরিচয় দিয়ে মোটরসাইকেলযোগে ঘটনাস্থল থেকে ফিরে যেতে চাইলে র্যাবের ব্যবহৃত মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। এতে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে লালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এসময় র্যাব সদস্য মো. শাহীন হোসেন আহত হলে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এতে অন্যান্য সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত মো. সোহাগ মাহমুদকে পুলিশ আটক করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত কাজ চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




