জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১২ মে) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয় এবং পরে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় স্থানান্তর করা হয়।
ভুক্তভোগীর সঙ্গে থাকা শিক্ষার্থীদের ভাষ্যমতে, ওই শিক্ষার্থী ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তার পিছু নেন এবং নিজেকে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। এরপর কাপড় পেঁচিয়ে তাকে পাশের অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। পরে তিনি কোনোভাবে সেখান থেকে বের হয়ে রাস্তায় এলে পথচারীরা তাকে উদ্ধার করেন।
চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তানভীর হোসেন বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আলী চিশতী বলেন, আমি ওই সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি এক আপু রাস্তা ব্লক করে সাহায্য চাইছেন এবং জানান, তাকে জঙ্গলের দিকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বিষয়টি জানার পর আমরা কয়েকজন দ্রুত ঘটনাস্থলে যাই। পরে জঙ্গলের ভেতরে লাইট দিয়ে খোঁজাখুঁজি করি, কিন্তু ঘন অন্ধকারের কারণে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। কিছুক্ষণ পর আরও কয়েকজন সেখানে উপস্থিত হন এবং সবাই মিলে খোঁজাখুঁজি করেও অভিযুক্তকে পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একে এম রাশিদুল আলম বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ঘটনার সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ওই এলাকায় দেখা গেছে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।




