ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের একটি নির্মাণাধীন বাড়ি থেকে রিনা আক্তার (৩৮) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের চোছনা (পশ্চিম জের কাছাড়) গ্রামের একটি নির্জন নির্মাণাধীন বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত রিনা আক্তারের স্বামী মানিক দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। তিনি দুই ছেলেকে নিয়ে ওই বাড়িতেই বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে ওই বাড়িতে ঘর নির্মাণের কাজ চলছিল। মঙ্গলবার বিকেলে রিনা আক্তারকে ঘরে দেখতে না পেয়ে তার সন্তানরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ঘরের একটি কক্ষে বালুর নিচে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিক সুরতহালে নিহত গৃহবধূর শরীরে হত্যার কোনো আলামত দেখা যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে অথবা কেন তার মরদেহ লুকানোর চেষ্টা হয়েছে তা তদন্তের মাধ্যমে জানা যাবে।
প্রতিনিধি/এমআর




