বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০২:০৩ এএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, গ্রেফতার ১
পুলিশের হাতে গ্রেফতার আবু বক্কর রিফাত।

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে মামলাটি করা হয়েছে। এ ঘটনায় পৌর ছাত্রলীগ নেতা আবু বক্কর রিফাতকে (২৫) গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১২ মে) বিকেলে শহরের মেড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিফাত নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের খারঘর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে শহরের পাইকপাড়া এলাকায় বসবাস করেন এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, ঝটিকা মিছিলের পরপরই সদর মডেল থানা পুলিশ অভিযান শুরু করে। রাতেই সদর মডেল থানার এসআই জাহিদ বাদী হয়ে মামলাটি করেন। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ১নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর  নাসিরকে।

এর আগে মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার কোকিল টেক্সটাইল এলাকা থেকে সমাজসেবা অফিস পর্যন্ত ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটির নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য লিমন আল স্বাধীন।

রাজবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত এ মিছিলকে কেন্দ্র করে জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠনের এমন কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে তীব্র আলোচনা-সমালোচনা ও চাঞ্চলের সৃষ্টি হয়।

এদিকে ঝটিকা মিছিলের প্রতিবাদে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেন। একপর্যায়ে তারা মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেফতারের দাবিতে সদর মডেল থানা ঘেরাও করেন।


বিজ্ঞাপন


সদর মডেল থানার ওসি শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় এক ছাত্রনেতাকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ওসি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর