বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমে পড়ে মো. তৈয়ব আলী (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণপুর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (১২ মে) ভোর সাড়ে ৬টার দিকে পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তৈয়ব আলী। পরে ওয়ার্ডের বাথরুমে যাওয়ার পর তিনি পড়ে যান। কিছুক্ষণ পর অন্য রোগীর স্বজনরা তাকে উদ্ধার করে বেডে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘিরে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে রোগী বাথরুমে পড়ে থাকলেও দ্রুত সহায়তা মেলেনি। তার ভাষ্য, সকাল ৮টার দিকে বিষয়টি জানার পর কয়েকজন মিলে তাকে উদ্ধার করেন। এ সময় ডিউটিতে থাকা কয়েকজন নার্স দুর্গন্ধের অজুহাতে বাথরুমে যেতে অনীহা দেখান বলেও তিনি দাবি করেন।

তবে এমন অভিযোগ অস্বীকার করে দায়িত্বরত নার্স রাজশ্রী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সেখানে যান এবং লোকজন নিয়ে রোগীকে উদ্ধার করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার হোসেন রুমন বলেন, রোগীর হার্ট অ্যাটাক হয়েছে। এতে বিভ্রান্তির কোনো কারণ নেই।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এমআর




