কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীগুলোর মধ্যে আবারো গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে হাসমত উল্লাহ (২২) নামে এক রোহিঙ্গা তরুণ গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টার দিকে ক্যাম্প-৮ এর বি ব্লকে এ ঘটনা ঘটে। আহত হাসমত উল্লাহ ওই ক্যাম্পের বাসিন্দা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ক্যাম্পের ব্র্যাক হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার ডান হাতে দুটি গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কর্মকর্তারা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ ও রোহিঙ্গা সূত্রে জানা গেছে, সম্প্রতি নবী হোসেন বাহিনী নামে পরিচিত আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) এবং আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশন (এআরও)-এর মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে। এর জেরে গত ৫ মে ক্যাম্প-৭ এ এআরও কমান্ডার কেফায়েত উল্লাহ হালিম নিহত হন। পরদিন ৬ মে ক্যাম্প-৮ এ এআরও সদস্যদের গুলিতে নিহত হন নবী হোসেন বাহিনীর ক্যাম্প কমান্ডার মোহাম্মদ কামাল প্রকাশ নুর কামাল।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার ক্যাম্প-৮ পশ্চিম অংশে ১০-১২ জন সশস্ত্র সদস্যের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় এক রোহিঙ্গা নেতা দাবি করেন, এআরও সদস্যরা নবী হোসেন বাহিনীর একটি আস্তানায় হামলা চালায়। এতে ক্যাম্পজুড়ে সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উখিয়া থানার ওসি মুজিবুর রহমান জানান, গোলাগুলির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। ক্যাম্প এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এমআর




