জামালপুরে মাদকবিরোধী অভিযানের সময় ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রায় সাড়ে চার ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়রা জানান,- মঙ্গলবার দুপুরে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভয়ে পাঁচজন নদীতে ঝাঁপ দেয়। তাদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আল আমিন নামে একজন নদীর মাঝখানে ডুবে নিখোঁজ হন।
খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় সাড়ে চার ঘণ্টা পর বিকেলে আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা তার পরিচয় নিশ্চিত করেন।
নিহত আল আমিন জামালপুর সদর উপজেলার বাশঁচড়া ইউনিয়নের মুক্তা মিয়ার ছেলে ।
জামালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার শহিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। আনুমানিক দুপুর ১২টার দিকে উদ্ধার কাজ শুরু করি। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
জামালপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল আমিন বলেন, আমরা অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করেছি। এর বাইরে কেউ যদি নদে ঝাপ দেয়, তাহলে সেই বিষয়টি আমাদের জানা নেই। এমনটা হতেও পারে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের কাছ থেকে মরদেহ গ্রহণ করা হয়েছে। মরদেহটি এখন জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এই বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/ এজে




