পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে উপজেলার পূর্ব সোহাগদল গ্রামের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মো. রাসেল খান (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার অন্য দুজন হলেন মেহরাব হোসেন (২০) ও শাকির মোল্লা (২০)। তারা সবাই উপজেলার দক্ষিণ কৌড়িখারা গ্রামের বাসিন্দা। রাসেল মৃত মনসুর আলীর ছেলে, মেহরাব মিজানুর রহমানের ছেলে এবং শাকির সালাম মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ইন্দেরহাট এলাকার গ্রিনরোডে অভিযান চালায় নেছারাবাদ থানা পুলিশ। এ সময় সেখানে মাদক বিক্রির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতার রাসেল খানের বিরুদ্ধে পূর্বের একটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।
বিজ্ঞাপন
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
প্রতিনিধি/এসএস




