মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন সাইফ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৬:৫৯ এএম

শেয়ার করুন:

বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন সাইফ
সাইফ হোসেন। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন সাইফ হোসেন (১৬) নামের এক পরীক্ষার্থী। 

সোমবার (১১ মে) সকাল ১০টায় বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষায় অংশ নেন তিনি।


বিজ্ঞাপন


সাইফ হোসেন উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। তিনি সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের বাসিন্দা আবদুল বাসেতের ছেলে।

স্বজনেরা জানান, আবদুল বাসেত (৫৪) স্থানীয় মাটিকাটা পুরাতন জামে মসজিদ (ছাতা মসজিদ) পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। কৃষিকাজের পাশাপাশি পাসপোর্টের এজেন্ট হিসেবে কাজ করতেন। গত বৃহস্পতিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেদিন সন্ধ্যায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। সোমবার ভোররাত ৫টার দিকে আবদুল বাসেতের লাশ বাড়িতে আনা হয়। খবর পেয়ে স্থানীয় একাধিক বাসিন্দা ও আশপাশের গ্রাম থেকে স্বজন ও পরিচিতরা একনজর দেখতে সকাল থেকেই তাদের বাড়িতে ভিড় জমান। এমন অবস্থায় স্বজনেরা বুঝিয়ে সাইফকে পরীক্ষাকেন্দ্রে পাঠান।

এ অবস্থায় হলে বসে সাইফ অধিকাংশ সময় কান্না করতে করতেই পরীক্ষায় অংশ নিয়েছে বলে জানান বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব নজরুল ইসলাম। 

 

তিনি বলেন, আমি ও আরেকজন শিক্ষক সাইফকে পরীক্ষা চলাকালে উৎসাহ ও সাহস জুগিয়েছি।

পরীক্ষা শেষে সাইফ হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। পরীক্ষায় অংশ নিলেও বারবার আব্বার কথাই মনে পড়ছিল।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর