মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

শিকারীদের কবল থেকে উদ্ধার দুই হরিণ সুন্দরবনে অবমুক্ত

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১২ মে ২০২৬, ১২:৫৭ এএম

শেয়ার করুন:

শিকারীদের কবল থেকে উদ্ধার দুই হরিণ সুন্দরবনে অবমুক্ত

সুন্দরবনের চোরা শিকারীদের হটস্পট চরদুয়ানী থেকে জীবিত দুটি চিত্রল হরিণ উদ্ধার করেছে বনরক্ষীরা। চোরাশিকারীদের কবল থেকে উদ্ধার করা এই দুটি হরিণ সোমবার (১১ মে) বিকেলে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

বন বিভাগ জানায়, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি রেঞ্জার সুরজিত চৌধুরীর নেতৃত্বে বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়ীয়া এলাকায় অভিযান চালায়। এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা হাজী বাড়ী মসজিদের কাছে পুকুরে একটি জীবিত চিত্রল হরিণ ফেলে দিয়ে পালিয়ে যায়। একই দিন দুপুরে চরদুয়ানীর কালিয়ার গ্রামে অভিযান চালকালে বনরক্ষীদের দেখে চোরা শিকারীরা অপর একটি হরিণ খালের পানিতে ফেলে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা উদ্ধার করা দুটি হরিণ জ্ঞানপাড়া টহল ফাঁড়িতে নিয়ে যায়। এরমধ্যে আহত একটি হরিণকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


বিজ্ঞাপন


বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, চোরা শিকারীরা সুন্দরবনে রাতের আঁধারে ফাঁদ পেতে দুটি জীবিত চিত্রল হরিণ ধরে তাদের হটস্পট চরদুয়ানীতে নিয়ে যায়। এমন খবরের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে হরিণ দুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করা এই দুটি হরিণের মধ্যে একটির পায়ে আঘাত থাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া  হয়েছে। সোমবার বিকেলে উদ্ধার করা দুটি হরিণ সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চরখালী বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর