সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

রংপুরে ‘মার্ডার ফিরোজ’ গ্যাংয়ের সদস্য দুই ছাত্রদল নেতা বহিষ্কৃত

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৯:২৪ পিএম

শেয়ার করুন:

রংপুরে ‘মার্ডার ফিরোজ’ গ্যাংয়ের সদস্য দুই ছাত্রদল নেতা বহিষ্কৃত

রংপুরের বদরগঞ্জে আলোচিত ‘মার্ডার ফিরোজ’ গ্যাংয়ের সদস্য ও একাধিক হত্যা মামলার আসামি দুই ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

সোমবার (১১ মে) বিকেলে রংপুর জেলা ছাত্রদলের সভাপতি শরীফ নেওয়াজ জোহা ও সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বহিষ্কৃতরা হলেন পৌর ছাত্রদলের সদস্যসচিব গোপাল ব্যানার্জি এবং বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সম্রাট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, বহিষ্কৃত গোপাল ব্যানার্জি তিনটি এবং মুজাহিদুল ইসলাম সম্রাট চারটি হত্যা মামলার আসামি। সম্প্রতি তাদের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জেলা ছাত্রদল ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

রংপুর জেলা ছাত্রদলের সভাপতি শরীফ নেওয়াজ জোহা জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির ছাত্রদলে ঠাঁই হবে না।

গত ৫ মে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বদরগঞ্জের বালুয়াভাটা এলাকার আম্বিয়ার মোড়ে নিরীহ ভ্যানচালক আরিফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে ‘মার্ডার ফিরোজ গ্যাং’। 


বিজ্ঞাপন


ওই ঘটনায় নিহতের বাবা রেজাউল ইসলাম বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় মামলা করেন, যেখানে এই দুই ছাত্রদল নেতার নাম অন্তর্ভুক্ত ছিল। এছাড়া গত বছরের এপ্রিলে একটি দোকানকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহতের ঘটনায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলাতেও এই দুই নেতা আসামি ছিলেন।

 প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর