ব্রাহ্মণবাড়িয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন অসংখ্য রোগী হামের উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছেন। রোগীর অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার (১১ মে) সকালে সরেজমিনে দেখা যায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রায় ৮০ জন রোগী চিকিৎসাধীন। অথচ ওয়ার্ডটির ধারণক্ষমতা মাত্র ৩০ জনের। পর্যাপ্ত শয্যা না থাকায় অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে থেকেই চিকিৎসা নিতে হচ্ছে।
বিজ্ঞাপন
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন নতুন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন। প্রায় সমসংখ্যক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেও নতুন রোগীর আগমনের হার বেশি হওয়ায় আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট প্রকট হয়ে দাঁড়িয়েছে।
ভর্তি হওয়া রোগীদের স্বজনরা জানান, শয্যা সংকটের কারণে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত শয্যা সংখ্যা বৃদ্ধি ও সেবার মান বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আকতার হোসাইন বলেন, ‘বর্তমানে হামের রোগীর চাপ আগের চেয়ে বেড়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধের পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি।’
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শাহীন ভূঁইয়া বলেন, ‘প্রতিদিন নতুন রোগী ভর্তি হলেও সুস্থতার হারও সন্তোষজনক। এখন পর্যন্ত জেলায় হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আতঙ্কিত না হয়ে শিশুদের নিয়মিত টিকা দেওয়ার পরামর্শ দিচ্ছি আমরা।’
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি




