দেশের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে ৩০০ হেক্টর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। উজানের ঢল ও বৈরী আবহাওয়ার কারণে কৃষকরা তাদের স্বপ্নের ফসল ঘরে তুলতে পারছেন না।
বিলের নিচু এলাকায় এবং বাড়ির আঙিনায় কেটে রাখা ধান দীর্ঘক্ষণ ভিজে থাকায় চারা গজাতে শুরু করেছে। এর ওপর তীব্র শ্রমিক সংকট কৃষকদের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
গতকাল রোববার সিংড়ার সারদানগর, বিল তাজপুর, সাতপুকুরিয়া, ডাহিয়া, বেরাবাড়ি, আনন্দনগর ও বিয়াসসহ বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।
আনন্দনগর গ্রামের কৃষক ফারুক হোসেন জানান, অতিবৃষ্টি ও উজানের ঢলে আনন্দনগর খাল দিয়ে পানি প্রবেশ করায় বেরাবাড়ি ও ডাহিয়াসহ এই অঞ্চলের অধিকাংশ ধান ডুবে গেছে। নিরুপায় হয়ে কৃষকরা ধান জমিতেই ফেলে রেখেছেন।
বেরাবাড়ি গ্রামের কৃষক বাবু প্রামাণিক বলেন, ‘বিলের একদম নিচু এলাকায় আমাদের বসবাস। সারা বছরের একমাত্র ফসল এই বোরো ধান দিয়েই আমাদের সংসার চলে। কিন্তু হঠাৎ বৃষ্টিতে আমাদের এলাকার হাজারো কৃষকের স্বপ্ন ভেঙে গেছে।’
সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, চলতি বছর সিংড়ায় ৩৬ হাজার ৬১০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৭০ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। তবে অতিবৃষ্টি ও উজানের ঢলে ৩০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি




