ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার, অপমানজনক মন্তব্য, মানহানিকর ভিডিও প্রচার এবং হয়রানির প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে সৈয়দপুর মডেল ফারিয়ার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে সৈয়দপুর মডেল ফারিয়ার সভাপতি মেহের আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজওয়ানুল হকের সঞ্চালনায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
আরও পড়ুন: ঢাকা মেডিকেলে নারীসহ ৬০ দালাল আটক
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজে কয়েকজন প্রতিনিধিকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে এবং বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
তারা আরও বলেন, ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও প্রচার এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন ও পুলিশ প্রশাসনের যোগসাজশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেফতার ও হয়রানির ঘটনা পুরো পেশাজীবী সমাজকে ক্ষুব্ধ করেছে।
বিজ্ঞাপন
তারা আরও বলেন, ওষুধ প্রতিনিধিরা চিকিৎসাসেবার অবিচ্ছেদ্য অংশ। পেশাগত মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব । আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে আমাদের বিরুদ্ধে চলা সকল অপপ্রচার ও হয়রানি বন্ধ করা হোক এবং আমাদের কর্মসংস্থানের নিরাপত্তা ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করা হোক।
সভায় বক্তব্য রাখেন, ওবায়দুর রহমান, সোহেল রানা, শাফী মিয়া, মমিনুল ইসলাম, শাওন ইসলাম, সাব্বির আহমেদ সাকিল প্রমুখ।
মানববন্ধন থেকে অবিলম্বে মানহানিকর বক্তব্য প্রত্যাহার, বিভ্রান্তিকর ভিডিও অপসারণ, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে কোনো ফার্মাসিউটিক্যালস প্রতিনিধি বা কর্মকর্তাকে হয়রানি না করার দাবি জানানো হয়।
প্রতিনিধি/এমআই




