রোববার বিকেলে উপজেলার কাঁচপুর মাছ বাজারে পরিচালিত এক যৌথ অভিযানে ৮ কেজি ৮০০ গ্রাম পিরানহা মাছ জব্দ করা হয়। এ ছাড়া নিষিদ্ধ মাছ বিক্রি ও মজুতের অভিযোগে সোহেল নামে এক মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার।
বিজ্ঞাপন
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় মৎস্যজীবীরা জানান, দীর্ঘদিন ধরে এই বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করে আসছিল কিছু অসাধু মাছ ব্যবসায়ী। রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, ‘পিরানহা মাছ বাজারে বিক্রি ও চাষ সরকারিভাবে নিষিদ্ধ। এটি দেখতে রূপচাঁদা মাছের মতো হওয়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিক্রি করছে।’
তিনি আরও বলেন, অভিযানে জব্দকৃত মাছ বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




