সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

যশোরে উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক অবৈধ স্থাপনা

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১১ মে ২০২৬, ১২:০০ এএম

শেয়ার করুন:

যশোরে উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক অবৈধ স্থাপনা

যশোর শহরে সরকারি খাস জমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে স্থানীয় আওয়ামী লীগের অফিসসহ শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সোমবার দ্বিতীয় দফায় আরও অভিযান চালানো হবে।

সূত্র জানায়, শনিবার সকালে গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদকারী দল শহরের বাবলাতলা এলাকায় অভিযান শুরু করে। সেখানে সরকারি খাস জমির ওপর নির্মিত একটি বাড়ি ভেঙে ফেলা হয়। পরে দলটি গাবতলা মোড়ে গিয়ে রাস্তার পাশের একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এরপর বি-ব্লক বাজার এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের একটি আঞ্চলিক কার্যালয় ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে সি-ব্লক এলাকায় সরকারি জমিতে নির্মিত দুটি বাড়িও গুঁড়িয়ে দেওয়া হয়।


বিজ্ঞাপন


কাপ্তাই হ্রদের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

অভিযানের একপর্যায়ে উপশহর পার্কের সামনে অবস্থিত আওয়ামী লীগের আরও একটি আঞ্চলিক কার্যালয় এবং পাশের একটি মুদি দোকান উচ্ছেদ করা হয়। পরে পার্কসংলগ্ন আমতলা বস্তিতে অভিযান চালানো হলে সেখানে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে বস্তির ভেতরে স্থাপিত দুটি ভিক্সল কারখানাও ভেঙে ফেলা হয়।

অভিযান চলাকালে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা সরকারি জমি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে আসছিলেন। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি উদ্ধার করতে এ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

image


বিজ্ঞাপন


অভিযানে নেতৃত্ব দেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের খুলনা বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান। তিনি বলেন, “প্রতিনিয়ত মাইকিং করেও অবৈধ দখলদারদের সরানো সম্ভব হয়নি। তাদের নিজ উদ্যোগে সরে যেতে বলা হলেও নানা ধরনের তালবাহানা করা হয়। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছে।”

তিনি আরও জানান, দুই দিনব্যাপী এ অভিযানে প্রায় ৫ একর সরকারি খাস জমি উদ্ধার করা হবে, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৫০ কোটি টাকা।

রাজধানীতে উচ্ছেদ অভিযানে প্রথম দিনে জরিমানা ২ লাখ টাকা

এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন কর্তৃপক্ষ যশোরের প্রশাসনিক কর্মকর্তা ইমাদুল ইসলাম তুহিন, উপবিভাগীয় প্রকৌশলী আশিক আহম্মেদ সাকিব এবং উপসহকারী প্রকৌশলী রাসেল মিয়া। জিয়াউর রহমান বলেন, সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো প্রভাবশালী মহলকে ছাড় দেওয়া হবে না।

অন্যদিকে অভিযানে ক্ষতিগ্রস্ত অনেক পরিবারের অভিযোগ, তাদের কোনো পূর্ব নোটিশ ছাড়াই উচ্ছেদ করা হয়েছে। কয়েকজন দাবি করেন, আওয়ামী লীগের আমলে গৃহায়ন কর্তৃপক্ষের কিছু কর্মকর্তা অর্থের বিনিময়ে সেখানে বসবাসের সুযোগ করে দিয়েছিলেন। হঠাৎ উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় শতাধিক পরিবার মানবেতর অবস্থায় পড়েছে বলে অভিযোগ করেন তারা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর