মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া চরে বালু উত্তোলনকে কেন্দ্র করে আবারও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। তবে এবার কোনো প্রাণহানি না হলেও গুলি বর্ষণ করে পুরো চর এলাকায় আতঙ্কের সৃষ্টি করা হয়েছিল।
রোববার (১০ মে) বেলা ১০টার দিকে আলোকদিয়া চরের যমুনা নদীতে এই গুলি বর্ষণের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, আলোকদিয়া চরের যমুনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে চলতি বছরের গত ৩ এপ্রিল প্রতিপক্ষের গুলিতে বালু মহলের ম্যানেজার মিরাজ হোসেন (৪০) নিহত হন। এই ঘটনায় ইজারাদার বাদী হয়ে একটি মামলা করেছিলেন। ওই মামলায় আলোকদিয়া চরের রাসেল নামে (২৪) এক যুবককে পটুয়াখালী থেকে গ্রেফতার করে পুলিশ। এবার চলতি বছরে ১ কোটি ২০ লাখ টাকায় আলোকদিয়ার চর এরিয়ায় তেওতা বালু মহালের ইজারা নিয়েছেন মেসার্স ইকরাম কনস্ট্রাকশন।
বালু মহালের ম্যানেজার শরিফুল ইসলাম চাঁন বলেন, সকালে একটি সন্ত্রাসী গ্রুপ ইঞ্জিনচালিত নৌকা করে আলোকদিয়া চরে এসে দুই থেকে তিন রাউন্ড গুলি বর্ষণ করে। এতে কোনো প্রাণহানি না ঘটলেও একটি গুলি তাদের বাল্কহেডে লাগে। পরে সন্ত্রাসীরা নদীর এই অঞ্চলে বালু উত্তোলন করলে অসুবিধা হবে বলে হুমকি দিয়ে গেছে। গুলি বর্ষণের পর ঘটনাস্থলে পুলিশ এসেছিল। এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া না হলেও পুলিশকে সব জানানো হয়েছে বলে তিনি জানান।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, আলোকদিয়া চরে গুলি বর্ষণের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




