রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

ফেনীর আদালতে বিচারকের সামনে গৃহবধূর বিষপান

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৯:১১ পিএম

শেয়ার করুন:

ফেনীর আদালতে বিচারকের সামনে গৃহবধূর বিষপান

ফেনীতে আদালতে বিচার চলাকালীন বিষণ্নতায় তাহমিনা আক্তার মোহনা (২৮) নামে এক গৃহবধূ এজলাসে দাঁড়িয়ে বিষপান করে আত্মহননের চেষ্টা করেছেন।

রোববার (১০ মে) দুপুরের দিকে ফেনীর আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজ উদ্দিনের আদালতে এ ঘটনাটি ঘটেছে।


বিজ্ঞাপন


বিষয়টি জানাজানি হওয়ার পর জেলাজুড়ে তোলপাড় শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে ওই নারীকে হাসপাতালে নিয়ে ভর্তির কার্যক্রম।

গৃহবধূ তাহমিনা আক্তার মোহনা ফেনী পৌরসভার পশ্চিম রামপুর এলাকার আনু কাজী ভুঁইয়া বাড়ির মিজানুর রহমানের মেয়ে। মোহনা চলতি বছরের ১১ জানুয়ারি ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের জাফর আহাম্মদের ছেলে আকবর হোসেনকে বিয়ে করেন।

মামলা সূত্রে জানা যায়, ফুলগাজী উপজেলার আকবর হোসেন প্রথম সংসার ও ৪ সন্তানের জনক থাকার বিষয়টি গোপন করে চলতি বছরের জানুয়ারিতে মোহনাকে চট্টগ্রামে নিয়ে বিয়ে করেন। বিয়ের পর প্রথম সংসারের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে শুরু হয় পারিবারিক কলহ। নিরুপায় হয়ে গৃহবধূ মোহনা মার্চ মাসে তার স্বামী ও পরিবারের সদস্যদের আসামি করে যৌতুক নিরোধ আইনে একটি মামলা দায়ের করেন।

ভুক্তভোগী মোহনার বোন জরিনা বেগম অভিযোগ করেন, বোনের স্বামী একাধিক বিয়ে করেছেন এবং প্রথম স্ত্রীর মাধ্যমে বোনের ওপর নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। এ ঘটনায় মোহনা তার স্বামীর বিরুদ্ধে মামলা করেন। আজ মামলার তারিখ ছিল।


বিজ্ঞাপন


ফুলগাজী আমলি আদালতের পেশকার জসিম উদ্দিন বলেন, মামলার শুনানিকালে আসামি আকবর হোসেন স্থায়ী জামিনের আবেদন করেন। অন্যদিকে, বাদী মোহনা আসামির জামিন বাতিলের দাবি জানান। মোহনা আদালতে অভিযোগ করেন, তার স্বামী তাকে সঙ্গে রাখতে চান না এবং প্রথম স্ত্রীর দুর্ব্যবহারের কারণে তিনি অতিষ্ঠ।

শুনানি চলাকালে মোহনা চিৎকার করে বলেন, আজ যদি এই ঘটনার সুষ্ঠু সমাধান না হয়, তবে আমি বিষ খাব। এর কিছুক্ষণ পরই তিনি সঙ্গে রাখা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে স্বজন ও উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে আদালতের বিচারক মোহাম্মদ মিনহাজ উদ্দিন আসামি আকবর হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে সরাসরি জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে মোহনা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মোহনার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম বলেন, রোগীকে বিষক্রিয়ার কারণে হাসপাতালে আনা হয়েছে। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি এবং প্রয়োজনীয় চিকিৎসা চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর