চট্টগ্রামের মিরসরাইয়ে প্রকাশ্যে ধূমপান করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও প্রচার করার কারণে আবিদ হোসাইন নামে এক কলেজ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১০ মে) উপজেলার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আবছার উদ্দিন স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞাপন
নোটিশে উল্লেখ করা হয়েছে, এতদ্বারা অত্র কলেজের সব শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কলেজের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র মো. আবিদ হোসাইন (ক্লাস রোল ১৭৮) প্রকাশ্যে ধূমপান করা এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কারণে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। এতে আরও বলা হয়, কলেজের সব শিক্ষার্থীকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও প্রতিষ্ঠানের সুনামবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করা হয়েছে।

দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র মো. আবিদ হোসাইনকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আবছার উদ্দিন বলেন, প্রতিষ্ঠার পর থেকে আমাদের কলেজের সুনাম রয়েছে। এইচএসসি পরীক্ষায় বোর্ডে ভালো ফলাফল করে আসছে। কলেজ ক্যাম্পাসে রাজনীতি ও ধূমপান সম্পন্নভাবে নিষিদ্ধ। একজন শিক্ষার্থী নির্দেশ অমান্য করে ধূমপান করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কারণে কলেজের ভাবমূর্তি নষ্ট হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




