গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের শিশুসহ ৫ জনকে হত্যার ঘটনায় নিহত গৃহবধূ শারমিনের বাবা শাহাদাত মোল্লা বাদি হয়ে অভিযুক্ত ফোরকান মিয়াসহ অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে কাপাসিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
শনিবার (৯ মে) রাতে এ মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, তার মেয়ে শারমিনের সাথে গোপালগঞ্জ জেলার মেরী গোপীনাথপুর গ্রামের ফোরকান মিয়ার বিয়ে হয়। বিয়ের পর তাদের তিনটি কন্যা সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয়ে তর্ক বিতর্ক ও দাম্পত্য কলহ লেগে থাকতো। এরই জের ধরে গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় তার মেয়ে শারমিন, নাতনি মিম, মারিয়া, ফারিয়া ও ছেলে রসুল মোল্লাকে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম বলেন, নৃশংসভাবে ৫ জনের হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শারমিনের স্বামী ফোরকান মিয়াকে প্রধান আসামি ও অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে কাপাসিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের একাধিক টিম অভিযুক্ত ফোরকানকে গ্রেপ্তারে তৎপর রয়েছে। তাকে গ্রেপ্তার করা হলে এ মামলার রহস্য উন্মোচন করা যাবে।
প্রতিনিধি/ এজে




