শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

স্বামীর অফিস করেন স্ত্রী, প্রশাসন নীরব

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ১২:৪৫ পিএম

শেয়ার করুন:

স্বামীর অফিস করেন স্ত্রী, প্রশাসন নীরব

নরসিংদীর শিবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে অফিস সহায়ক মো. ফজলে এলাহির বিরুদ্ধে নিজ কর্মস্থলে নিজে উপস্থিত না থেকে স্ত্রী রিনা বেগমকে দিয়ে সরকারি কাজ করানোর গুরুতর অভিযোগ উঠেছে। একই স্টেশনে দীর্ঘ ২৫ বছর ধরে কর্মরত থাকার সুবাদে গড়ে ওঠা একচ্ছত্র আধিপত্যের কারণেই এমন অনিয়ম সম্ভব হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ব্যাপারে প্রশাসনকে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে। 

অনুসন্ধানে জানা গেছে, অফিস সহায়ক মো. ফজলে এলাহি নিয়মিত অফিসে না এসে তার পরিবর্তে স্ত্রীকে বসিয়ে রাখছেন। তার স্ত্রীই অফিসের দাপ্তরিক ফাইলের কাজ থেকে শুরু করে আগত সেবাগ্রহীতাদের সেবা প্রদান করছেন। সরকারি নিয়োগপ্রাপ্ত কর্মচারী না হয়েও একজন বহিরাগত ব্যক্তির এভাবে দাপ্তরিক কাজ পরিচালনা করা সরকারি কর্মচারী আচরণ বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।


বিজ্ঞাপন


অভিযোগ রয়েছে, মো. ফজলে এলাহি দীর্ঘ ২৫ বছর ধরে একই কর্মস্থলে কর্মরত আছেন। সাধারণত সরকারি চাকরিতে নির্দিষ্ট সময় পর বদলির নিয়ম থাকলেও, তিনি আড়াই দশক ধরে এখানে অবস্থান করছেন। দীর্ঘ সময় একই স্থানে থাকার ফলে তিনি স্থানীয়ভাবে একটি প্রভাব বলয় তৈরি করেছেন, যার সুযোগ নিয়ে তিনি সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে স্ত্রীকে দিয়ে কাজ করাচ্ছেন।

অফিসে সেবা নিতে আসা কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা অনেক দিন ধরেই দেখছি ফজলে এলাহি সাহেবকে না পেয়ে তার স্ত্রীর কাছ থেকে সহযোগিতা নিতে হচ্ছে। এটি সরকারি নিয়ম কি না আমাদের জানা নেই, তবে বিষয়টি দেখতে দৃষ্টিকটূ।

সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী, একজনের নিয়োগপ্রাপ্ত পদে অন্য কোনো ব্যক্তির দায়িত্ব পালন করার কোনো সুযোগ নেই। এটি চরম ‘অসদাচরণ’ এবং ‘কর্তব্যে অবহেলা’ হিসেবে গণ্য হয়। সেই সঙ্গে একই স্টেশনে দীর্ঘদিন অবস্থান করাও প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী।

 

সরেজমিনে ঘটনার সত্যতা পাওয়া যায়। এসময় রিনা বেগম বলেন, আমার স্বামী অসুস্থ। তাই আমি দায়িত্ব পালন করছি। সেটা জেলা অফিসও জানে।

এ ব্যাপারে অভিযুক্ত অফিস সহায়ক মো. ফজলে এলাহি বলেন, শিবপুর মহিলা বিষয়ক কর্মকর্তা বদলি হয়ে যাওয়ার আগে রোকসানা ম্যাডাম বলে গেছেন যে, কয়দিন আছি স্বামী-স্ত্রী মিলে দায়িত্ব পালন করে যেতে।

নরসিংদী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অ:দা:) জেরিন সুলতানা বলেন, আমি এই ব্যাপারে অবগত নই। তবে বিষয়টি আমি দেখতেছি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর