পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পাবনার ঈশ্বরদী ইপিজেডে প্রধান ফটক তালাবদ্ধ করে কারখানার সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন কর্মরত শ্রমিকরা।
শনিবার (৯ মে) সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রায় দেড় হাজার শ্রমিক-কর্মচারী একযোগে কারখানা থেকে বেরিয়ে বর্ধিত পরিবহন ভাড়া দ্রুত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় শ্রমিকরা প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে স্লোগান দেন।
বিজ্ঞাপন
শ্রমিকরা বলেন, আমাদের সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়াই পরিবহন ভাড়া ৫০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। অথচ আমাদের বেতন বৃদ্ধি করা হয়নি। অল্প বেতনে অনেক ঘণ্টা কাজ করতে হয়। আবার সেখান থেকেই যাতায়াতের ভাড়া দিতে হয়। দ্রুত বর্ধিত ভাড়া প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের বেতন-বোনাস বাড়াতে হবে। নইলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, শ্রমিকদের পরিবহন ভাড়া নিয়ে অসন্তোষ রয়েছে। এজন্য তারা বিক্ষোভ মিছিল করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক এ বি এম শহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




