সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত ও মহাসড়কে হকার বসতে বাধা দেওয়াকে কেন্দ্র করে আনসার সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয় আনসার সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে)ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহতরা হলেন— আনাস, সামসুদ্দিন, এম এইচ মানিক, মুন্নাসহ আরও দুই আনসার সদস্য। আহতদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, ঈদুল ফিতরের পর সাভার বাসস্ট্যান্ড এলাকার সার্ভিস লেন ও ফুটপাত থেকে অবৈধ হকার ও দোকানপাট উচ্ছেদ করে উপজেলা প্রশাসন। এরপর পুনরায় যাতে হকাররা বসতে না পারে, সেজন্য সেখানে আনসার সদস্যদের দায়িত্ব দেওয়া হয়। তবে মাঝে মধ্যেই হকাররা সেখানে বসার চেষ্টা করলে তাদের সঙ্গে আনসার সদস্যদের বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হচ্ছিল।
আহত আনসার সদস্য এম এইচ মানিক জানান, বৃহস্পতিবার চৌরঙ্গী সুপার মার্কেটের সামনে হকারদের বসতে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জেরে শুক্রবার সকালে কয়েকজন হকার দলবদ্ধ হয়ে আবারও রাস্তায় বসার চেষ্টা করেন। আনসার সদস্যরা বাধা দিলে প্রথমে তারা গালাগালি শুরু করেন। একপর্যায়ে সংঘবদ্ধ হয়ে আনসার সদস্যদের ওপর হামলা চালায়। এতে চার থেকে পাঁচজন গুরুতর আহত হন।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করতে গিয়ে হকারদের সঙ্গে তাদের বিরোধ চলছিল। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন আহত আনসার সদস্যরা।
বিজ্ঞাপন
সাভার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনিছুর রহমান বলেন, হকারদের বসতে বাধা দেওয়ায় ছয়জন আনসার সদস্য হামলার শিকার হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাভার মডেল থানাকে অবহিত করা হয়েছে।
তবে এ বিষয়ে জানতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্রতিনিধি/টিবি




