ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের গোয়ালচামট পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ‘জাহানারা আজিজ মেনশন’-এর নিচতলায় বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার প্রদান এবং দোয়া ও মোনাজাত করা হয়।
পরবর্তীতে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. এ. এস. এম. আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবলু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ. টি. এম. জাফর হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এম. এ. হালিম এবং ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় স্নাতক পর্যায় পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করা হয়েছে, যা নারী শিক্ষার প্রসারে একটি সুবর্ণ সুযোগ।’
তিনি আরও বলেন, ‘দেশের অর্ধেক জনগোষ্ঠী তথা নারী সমাজকে যদি আধুনিক শিক্ষায় শিক্ষিত করা যায়, তবে দেশ দ্রুত এগিয়ে যাবে। এটি ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে একটি যুগান্তকারী পদক্ষেপ। এছাড়া সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে নারী ও কৃষকদের ক্ষমতায়ন করছে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় গুরুদের জন্যও ভাতার ব্যবস্থা করা হয়েছে। বর্তমান সরকার জনকল্যাণ ও মানবসম্পদ উন্নয়নে বিশ্বাসী।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান পলাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাত জান্নাত রাবেয়া, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুনসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি




