বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, একটি মানবিক বাংলাদেশ ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে হলে তরুণ সমাজকে আরও বেশি স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত হতে হবে। সহমর্মিতা, মানবতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চার মাধ্যমেই কেবল একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।
বৃহস্পতিবার (৭ মে) সকালে ময়মনসিংহ জেলা পরিষদ প্রাঙ্গণে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ইউনাইটেড ইন হিউমেনিটি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ময়মনসিংহ জেলা ইউনিট এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিজ্ঞাপন
আগামীকাল ৮ মে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস হলেও ওই দিন শুক্রবার সরকারি ছুটি থাকায় কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আজ বৃহস্পতিবার দেশব্যাপী এই কর্মসূচি পালিত হচ্ছে।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এবারের প্রতিপাদ্য আমাদের স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে, মানবতার সেবায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধর্ম, বর্ণ, দল কিংবা মতাদর্শের ভিন্নতা থাকলেও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কোনো বিভেদ থাকা চলবে না। এটিই রেড ক্রিসেন্ট আন্দোলনের মূল চেতনা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার একটি মানবিক রাষ্ট্র গঠনে দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ শুরু করেছে। রাষ্ট্র সংস্কারের এই যাত্রায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তরুণরা যদি তাদের শক্তি ও মেধা দিয়ে সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসে, তবে মানবিক বাংলাদেশ গঠন ত্বরান্বিত হবে।
ময়মনসিংহ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে তিনি আরও বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জন্মলগ্ন থেকেই দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা এবং রক্তদান কর্মসূচির মাধ্যমে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। ময়মনসিংহেও এই আন্দোলনের পরিধি আরও বিস্তৃত করতে হবে এবং সমাজের প্রতিটি স্তরের মানুষকে এই মানবিক আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
এর আগে সকালে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং মানববন্ধনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সাইদুর রহমান; ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা; ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী; বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এম এ হান্নান।
আলোচনা সভায় বক্তারা রেড ক্রিসেন্টের মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ব্লাড গ্রুপিং কর্মসূচিসহ অন্যান্য সামাজিক কার্যক্রমে সকলকে সহযোগিতার আহ্বান জানান। অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একেবি




