বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

নওয়াপাড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০১:০১ পিএম

শেয়ার করুন:

নওয়াপাড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ
আনিসুর রহমান (৬৮)

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে আনিসুর রহমান (৬৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৬ মে) সন্ধ্যায় নওয়াপাড়া মাদরাসার পাশে তার মালিকানাধীন মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


নওয়াপাড়া সার ও সিমেন্ট ব্যবসায়ী সমিতির নেতারা এই হত্যার প্রতিবাদ জানিয়েছেন। তারা জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে নওয়াপাড়ার সব ব্যবসা প্রতিষ্ঠান, ঘাট, গোডাউন এবং নৌবন্দরে পণ্য লোড-আনলোড বন্ধ রেখেছেন।

আনিসুর রহমান নওয়াপাড়া বাজারের সার ও সিমেন্ট ব্যবসায়ী ছিলেন। তিনি মেসার্স জয়েন্ট ট্রেডিং করপোরেশন লিমিটেডের পরিচালক ছিলেন। তার বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রাম। দীর্ঘদিন ধরে তিনি নওয়াপাড়ায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় আনিসুর রহমান তার মালিকানাধীন আনিস ট্রেড হলি মার্কেটের সামনে বসে ছিলেন। সন্ধ্যা পৌনে সাতটার দিকে ৭–৮ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার মুখসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নওয়াপাড়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নওয়াপাড়া সার ও সিমেন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন বলেন, সন্ধ্যায় মার্কেটের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। পরে তিনি মারা যান। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।


বিজ্ঞাপন


 

নওয়াপাড়া সার ও সিমেন্ট ব্যবসায়ী সমিতির নেতারা জানান, হত্যার প্রতিবাদ ও দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবিতে আজ সকাল থেকে নওয়াপাড়ার সব ব্যবসাপ্রতিষ্ঠান, ঘাট, গোডাউন এবং নৌবন্দরে পণ্য লোড-আনলোড বন্ধ রাখা হয়েছে।

অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর