মাদারীপুরের শিবচরে ব্যাগ থেকে আচার চুরির ঘটনাকে কেন্দ্র করে এক স্কুলছাত্রকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সহপাঠীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্র জুবায়ের আহম্মেদ হাসানকে (১৬) ভর্তি করা হয়েছে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
বুধবার (৬ মে) বিকেলে শিবচর উপজেলার পাঁচ্চর বাসন্ট্যান্ডের রূপসী বাংলা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহত জুবায়ের পাচ্চর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত শামীম একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
বিজ্ঞাপন
স্বজনরা জানায়, শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের সোনাপট্টি এলাকার লাকি বেগমের ছেলে জুবায়ের এর এক বন্ধুর স্কুল ব্যাগ থেকে সপ্তাহখানেক আগে আচার চুরি হয়। এই ঘটনায় শামীমকে দায়ী করে বিষয়টি জানায় জুবায়ের। এতে ওইদিন শামীম ও জুবায়ের মধ্যে কথার কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই সূত্র ধরে বুধবার বিকেলে জুবায়েরকে একা পেয়ে দলবল নিয়ে শামীম অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হয় জুবায়ের। পরে আহত শিক্ষার্থীর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
আরও পড়ুন
মাদারীপুরের শিবচর থানার পরির্দশক (তদন্ত) মুঞ্জুল মোর্শেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এই ঘটনায় আহত শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি




