নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ একটি ঘর থেকে বর্ষা (২০) এক নামে এক পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ মে) রাত ৯টার দিকে সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের নিমাইকাশারী বউবাজার সংলগ্ন একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
বর্ষা সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের বাগমারা এলাকার বাসিন্দা মামুন ওরফে রুবেলের স্ত্রী। তবে রুবেল পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার শ্রমিক। তিনি এবং তার স্বামী রুবেল নিমাইকাশারীস্থ মুহিদুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। গত তিনদিন ধরে তাদের ঘর দরজার বাইরে থেকে তালাবদ্ধ ছিল। বুধবার সন্ধ্যার পর ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তালা ভেঙে ঘরে প্রবেশ করে মরদেহটি উদ্ধার করে।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান বলেন, ঘটনাস্থলে এসে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পেয়েছি। মরদেহের বিভিন্ন অংশে পচন ধরেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। তার স্বামীর খোঁজ পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড এবং অন্তত দুই থেকে তিনদিন আগে মৃত্যু হয়েছে। মরদেহে পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ওসি আরও বলেন, এ ঘটনায় নিহতের স্বামী জড়িত থাকতে পারে। তবে সে পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি




