বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ০৭ মে ২০২৬, ১২:৩৮ এএম

শেয়ার করুন:

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা

নরসিংদীর পলাশে পায়ুপথে বাতাস ঢুকিয়ে রামিম (৯) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রামিম পলাশ উপজেলার গজারিয়া চড়কারারদী গ্রামের রিপন মিয়ার ছেলে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে রামিম গজারিয়া বাজারে তার দাদা আমজাদ হোসেনের দোকানে আসে। একপর্যায়ে সে বাজারে ফয়সাল মিয়ার মালিকানাধীন একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে একই গ্রামের লোকমান মিয়ার ছেলে, রিকশাচালক সবুজ মিয়া ‘দুষ্টামির ছলে’ রিকশার চাকার হাওয়া দেওয়ার মেশিন দিয়ে রামিমের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়।

এতে শিশুটির পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং সে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে বিকেল সোয়া ৪টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রাকিব আসকারী জানান, উচ্চগতিতে পায়ুপথ দিয়ে বাতাস প্রবেশ করার ফলে শিশুটির অন্ত্রের কোনো অংশ ছিদ্র হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে পারে। এতে সে শ্বাসকষ্ট ও তীব্র পেটব্যথায় ভুগছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছিল।


বিজ্ঞাপন


পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, সন্ধ্যার পর শিশুটির মরদেহ বাড়িতে আনা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত সবুজ মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর