বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

৫ মাসের অন্তঃসত্ত্বার পেট থেকে ৫ কেজি টিউমার অপসারণ, মা ও শিশু সুস্থ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১১:৪৩ পিএম

শেয়ার করুন:

৫ মাসের অন্তঃসত্ত্বার পেট থেকে ৫ কেজি টিউমার অপসারণ, মা ও শিশু সুস্থ

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় ৫ কেজি ওজনের একটি বড় টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে। জটিল ও ঝুঁকিপূর্ণ এই অস্ত্রোপচারের পর মা ও গর্ভের সন্তান দুজনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (৬ মে) হাসপাতালের অপারেশন থিয়েটারে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। এতে নেতৃত্ব দেন সিনিয়র কনসালটেন্ট ডা. শরীফ মাসুমা ইসমাত। তাঁর সঙ্গে ছিলেন সহকারী সার্জন ডা. তাসনুভা সায়েদ, অ্যানেসথেটিস্ট ডা. অপূর্ণা এবং সহকারী এসএসএন অনামিকা।


বিজ্ঞাপন


হাসপাতাল সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা সিএ অফিস এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার সোহান মিয়ার স্ত্রী জান্নাত মাহবুব (২৪) গত রোববার (৩ মে) রাত ১০টার দিকে তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি হন। পরদিন আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় তাঁর পেটে প্রায় ২০×২৪ সেন্টিমিটার আকারের একটি বড় টিউমার ধরা পড়ে। একই সঙ্গে জানা যায়, তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা।

রোগীর শারীরিক অবস্থা জটিল হওয়ায় চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তবে পরিবারের সম্মতিতে স্থানীয় হাসপাতালেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাসনুভা সায়েদ বলেন, ‘রোগী অন্তঃসত্ত্বা হওয়ায় অস্ত্রোপচারটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। আমরা ঢাকায় রেফার করার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু পরিবার রাজি না হওয়ায় তাদের সম্মতিতে অপারেশন করা হয়। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। আল্লাহর রহমতে সফলভাবে টিউমারটি অপসারণ করা সম্ভব হয়েছে।’

তিনি আরও জানান, ‘অস্ত্রোপচারের পর রোগী সুস্থ আছেন। সবচেয়ে স্বস্তির বিষয়, গর্ভের ৫ মাসের শিশুটিও ভালো আছে।’


বিজ্ঞাপন


রোগীর স্বামী ইঞ্জিনিয়ার সোহান মিয়া বলেন, ‘চিকিৎসকেরা আন্তরিকতার সঙ্গে আমার স্ত্রীর চিকিৎসা করেছেন। ঢাকায় নেওয়ার পরামর্শ থাকলেও আমরা এখানেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিই। এখন আমার স্ত্রী ও গর্ভের সন্তান দুজনই ভালো আছেন। সরকারি হাসপাতালেও যে ভালো চিকিৎসা সম্ভব, আমরা তার প্রমাণ পেয়েছি।’

চিকিৎসকেরা জানান, ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীর শরীর থেকে এত বড় টিউমার অপসারণ এ হাসপাতালে অত্যন্ত বিরল ঘটনা। সফল এই অস্ত্রোপচারকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

এসটি/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর