জীবিকার সন্ধানে সৌদি আরবে গিয়ে টানা ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার রুবেল মন্ডল (২১) নামের এক প্রবাসী যুবক। তার কোনো সন্ধান না মেলায় গভীর উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবার।
রুবেল মন্ডল উপজেলার জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের বাসিন্দা এবং আব্দুর রাজ্জাকের ছোট ছেলে।
বিজ্ঞাপন
রুবেলের মা মনোয়ারা বেগম জানান, চলতি বছরের ২৭ জানুয়ারি একটি এজেন্সির মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমায় রুবেল। সেখানে মক্কা শহরের একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন। নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা ও উপার্জনের অর্থ পাঠানোও শুরু করেছিলেন রুবেল। তবে গত ১৬ এপ্রিল বিকেল ৪টার দিকে সর্বশেষ মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার পর থেকেই তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর থেকে তার ব্যবহৃত ইমো, ফেসবুক ও মেসেঞ্জারসহ সব যোগাযোগ মাধ্যম বন্ধ পাওয়া যাচ্ছে।
নিখোঁজ রুবেলের সন্ধানের সরকারের সহায়তা কামনা করেছে তার পরিবারের সদস্যরা।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে জেনেছি, সৌদিআরবে মাদারগঞ্জের একজন রেমিট্যান্স যোদ্ধা রুবেল মন্ডল গত ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। প্রাথমিকভাবে পরিবারের প্রতি আমার বার্তা তারা যেন দূতাবাসে যোগাযোগ করেন। যাতে তার অবস্থানটি কোথায় জানার চেষ্টা করা যায়। সে ক্ষেত্রে আমাদের ঊর্ধতন কর্তৃপক্ষকে জানাবো যেন পরিবারটিকে সহযোগিতা করার জন্য যেন দূতাবাসকে চিঠি দেয়।
প্রতিনিধি/এজে




