বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০২:৫০ পিএম

শেয়ার করুন:

সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভা

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মূল আসামিদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ। ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্তদের ধরতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

বুধবার (৬ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভা থেকে আগামী ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।


বিজ্ঞাপন


সভায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু বলেন, আমরা মনে করেছিলাম, ২০২৪ সালের ঘটনার পর পুলিশের পরিবর্তন হয়েছে কিন্তু সেই পুলিশ, সেই স্বৈরাচার পুলিশই থেকে গেছে।

বক্তারা অভিযোগ করেন, ৯টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাব্বি পুলিশের ‘সোর্স’ পরিচয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ তাকে ধরছে না।

তারা আরও বলেন, পুলিশ আইওয়াশ করার জন্য কিছু নির্দোষ ব্যক্তিকে গ্রেফতার করলেও মূল অপরাধীদের ধরাছোঁয়ার বাইরে রেখেছে।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার করা না হলে ছাত্র-জনতা ও পেশাজীবী সংগঠনগুলোকে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।


বিজ্ঞাপন


চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব ও চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশন সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, প্রথম আলো সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, দেশ টিভি’র সাংবাদিক ফারুক আহমেদ, মাই টিভির সাংবাদিক তারেক আজিজ, চ্যানেল ওয়ান ও দৈনিক আমারদেশের সাংবাদিক তারেক রহমান।

উল্লেখ্য, একই দাবিতে শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাটেও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর