ফেনীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম-কে পদায়ন করা হয়েছে। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ফেনীসহ দেশের ১২ জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়।
উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে ফেনী ছাড়াও পঞ্চগড়, বান্দরবান, জয়পুরহাট, পাবনা, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার ও চট্টগ্রামে নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই আদেশে পুলিশ সুপার পদমর্যাদার আরও ১১ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনের ২২ নম্বর ক্রমিকে ফেনীর বর্তমান পুলিশ সুপার মো. শফিকুল ইসলামকে পুলিশ অধিদফতরের এআইজি হিসেবে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি-পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তার পৈত্রিক নিবাস কুমিল্লার বরুড়া উপজেলায়। ইতোপূর্বে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ছিলেন। পেশাগত জীবনে অত্যন্ত সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তিনি সুনাম অর্জন করেছেন।
প্রতিনিধি/একেবি




