বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ চেষ্টায় তরুণী আটক

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০২:২০ পিএম

শেয়ার করুন:

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ চেষ্টায় তরুণী আটক
আটক ইসরাত জাহান মীম।

নেত্রকোনার মোহনগঞ্জে নাদিয়া আক্তার (১০) নামে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে পাচারের উদ্দেশে অপহরণের চেষ্টার ঘটনায় ইসরাত জাহান মীম (২০) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) বিকেল ৫টার দিকে উপজেলার আদর্শনগর এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


শিক্ষার্থী নাদিয়া উপজেলার সুয়াইর গ্রামের আল আমিনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

আর আটক ইসরাত জাহান মীম পাশ্ববর্তী আটপাড়া উপজেলার সোনকামিয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে।

বুধবার (৬ মে) দুপুরে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, বিকেলে সহপাঠীদের সঙ্গে প্রাইভেট পড়তে যায় নাদিয়া। এ সময় ইসরাত জাহান কৌশলে শিশুটির কাছে গিয়ে নিজেকে তার ‘আন্টি’ পরিচয় দেন। তিনি দাবি করেন, নাদিয়ার মা তাকে পাঠিয়েছেন। বিশ্বাস অর্জনের জন্য নাদিয়ার মায়ের নাম, স্কুলের নাম, শিক্ষকদের নামসহ পরিচিত বিভিন্ন তথ্য বলেন তিনি। এতে শিশুটি তাকে বিশ্বাস করে।


বিজ্ঞাপন


এরপর অভিযুক্ত তরুণী নাদিয়াকে জানায়, তার মা মোহনগঞ্জ শহর থেকে মিষ্টি আলু কিনে আনতে বলেছেন। পরে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে শিশুটিকে নিয়ে মোহনগঞ্জ শহরের দিকে রওনা হন তিনি।

এদিকে নাদিয়ার সহপাঠীরা বাড়িতে ফিরে গেলে তার মা মেয়ের খোঁজ করেন। সহপাঠীরা জানায়, নাদিয়া তার ‘আন্টির’ সঙ্গে গেছে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে কয়েকটি মোটরসাইকেল নিয়ে বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন স্বজনরা।

একপর্যায়ে মোহনগঞ্জ শহরের বিএনপি অফিস মোড়ে নাদিয়াকে অভিযুক্ত তরুণীর সঙ্গে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইসরাত জাহানকে হেফাজতে নেয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তরুণী জানিয়েছেন, শিশুটিকে অপহরণ করে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তিনি একটি চক্রের হয়ে কাজ করেন এবং চক্রটি মানব পাচারের সঙ্গে জড়িত। শিশুটিকে পরবর্তীতে ওই চক্রের সদস্যদের কাছে তুলে দেওয়ার কথা ছিল।

তিনি আরও বলেন, এ ঘটনায় মানব পাচার প্রতিরোধ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং কয়েকজনের নামও বলেছেন। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর