বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

জাবিতে শহীদ আলিফের পরিবারকে হুমকি, ছাত্রশক্তির তীব্র নিন্দা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১২:৩৮ পিএম

শেয়ার করুন:

জাবিতে শহীদ আলিফের পরিবারকে হুমকি, ছাত্রশক্তির তীব্র নিন্দা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রান্তিক এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আলিফকে নিয়ে অবমাননাকর মন্তব্য, তার বাবাকে প্রাণনাশের হুমকি এবং দোকান দখলের অপচেষ্টার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাখা ‘জাতীয় ছাত্রশক্তি’।

গতকাল মঙ্গলবার সংগঠনটির দফতর সম্পাদক কাজী মেহরাব তূর্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং নৃবিজ্ঞান বিভাগের ৪০তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. সেলিম রেজা নিজেকে সাবেক সেক্রেটারি পরিচয় দিয়ে প্রান্তিক এলাকায় দোকান দখলের চেষ্টা ও দোকানদারদের ওপর চাপ প্রয়োগ করেন। এ সময় তিনি শহীদ আলিফের পিতা ও অন্যান্য দোকানদারদের সঙ্গে অসদাচরণ, অকথ্য ভাষায় গালিগালাজ এবং শারীরিক আক্রমণের চেষ্টা চালান। আরও উদ্বেগজনক বিষয় হলো, তিনি শহীদ আলিফকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন এবং শহীদ পরিবারের প্রতি অমানবিক আচরণ প্রদর্শন করেন।

জাতীয় ছাত্রশক্তি তাদের বিবৃতিতে উল্লেখ করে, ‘একজন শহীদ পরিবারের সদস্যের সঙ্গে এমন আচরণ শুধু অনৈতিক নয়, বরং এটি আমাদের মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার এবং ছাত্রসমাজের মর্যাদার পরিপন্থী। এছাড়া প্রান্তিক এলাকায় দোকান দখল, চাঁদাবাজি ও সিন্ডিকেট গড়ে তোলার অপচেষ্টা বিশ্ববিদ্যালয়ের সুস্থ পরিবেশের জন্য মারাত্মক হুমকি।’

সংগঠনটি এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে। একইসঙ্গে তারা শহীদ আলিফের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করে তাঁদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

প্রতিনিধি/একেবি


বিজ্ঞাপন


 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর