চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের অনলাইন আম বিক্রেতাদের জন্য ‘আম কার্ড’ প্রদানের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা আশরাফুল হক (আশরাফুল ভেড়ী)।
তিনি রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর। আসন্ন রহনপুর পৌরসভা নির্বাচনে আশরাফুল ইসলাম মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একজন ব্লগারের সাথে সাক্ষাৎকারের একটি ভিডিওতে তাকে আম বিক্রেতাদের উন্নয়ন নিয়ে প্রশ্ন করা হয়।
মেয়র নির্বাচিত হলে তিনি কী করবেন এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতা মো. আশরাফুল ইসলাম বলেন, ‘অনলাইনে আম কিনতে গিয়ে ক্রেতাকে সাধারণত আগাম টাকা পাঠাতে হয়। এ ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। তাই অনলাইন আম বিক্রেতাদের জন্য বিশেষ কার্ডের ব্যবস্থা করা হবে, যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে আস্থার সম্পর্ক বজায় রাখতে সহায়ক হবে।’
অনলাইন আম বিক্রেতাদের জন্য এই বিশেষ কার্ড চালুর পরিকল্পনার কথা স্বীকার করেছেন মেয়র পদপ্রার্থী মো. আশরাফুল ইসলাম নিজেই।
মোবাইলফোনে তিনি জানান, ‘আম আমাদের অঞ্চলের এক বিশাল সম্পদ। এই সম্পদ ও এর ঐতিহ্য রক্ষায় যা যা করা প্রয়োজন, তার সবকিছুই করা হবে। আমের ব্যবসার প্রসারে এবং মান উন্নয়নে আমি সবসময় কাজ করে যাব।’
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি




